BCCI President: বিসিসিআই সভাপতি পদে রজার বিনির স্থলাভিষিক্ত হতে চলেছেন রাজীব শুক্লা! কোনপথে পরিবর্তন?
ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের শীর্ষ পদে রদবদলের সম্ভাবনা। সূত্রের খবর, বর্তমান বোর্ড সভাপতি রজার বিনিকে সরিয়ে সম্ভবত রাজীব শুক্লাকে এই পদের দায়িত্ব দেওয়া হতে পারে। ভারতীয় ক্রিকেট মহলে এই খবর বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
বিসিসিআই-এর সংবিধান অনুযায়ী, ৭০ বছর বয়স হয়ে গেলে কোনও আধিকারিক পদে থাকতে পারবেন না। আগামী ১৯ জুলাই বর্তমান বিসিসিআই সভাপতি রজার বিনির ৭০ বছর পূর্ণ হচ্ছে। এই নিয়ম অনুযায়ী, রজার বিনির আর পদে থাকা সম্ভব হবে না। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য বিনি ২০২২ সালের অক্টোবর মাসে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের স্থলাভিষিক্ত হন।

এই পরিস্থিতিতে বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্লা অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব নিতে পারেন বলে শোনা যাচ্ছে। রাজীব শুক্লা দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত। তিনি এর আগে আইপিএল চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাংবাদিক এবং রাজনীতিবিদ হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। বিসিসিআই-এর একজন অভিজ্ঞ আধিকারিক হিসেবে তাঁর নামই এই পদের জন্য সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে।
বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী, যদি সভাপতির পদ শূন্য হয়, তবে সবচেয়ে সিনিয়র সহ-সভাপতি অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব নেন যতক্ষণ না নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজীব শুক্লা ২০২০ সালের ২৪শে ডিসেম্বর থেকে বিসিসিআই-এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাই তিনিই এই পদের জন্য সবচেয়ে উপযুক্ত বলে বিবেচিত হচ্ছেন।
যদিও এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে রজার বিনির জন্মদিন অর্থাৎ ১৯ জুলাইয়ের কাছাকাছি সময়েই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতীয় ক্রিকেটের প্রশাসনিক স্তরে এই সম্ভাব্য পরিবর্তন কোনপথে এগোয় সেটাই এখন দেখার বিষয়।












Click it and Unblock the Notifications