পাকিস্তানকে নিয়ে ছেলেখেলা করে সুপার ফোরে ভারত, সলমনকে পাত্তাই দিলেন না সূর্য
পহেলগাঁওয়ের ঘটনার পর এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের দাবি জোরালো হয়েছিল। তবে ক্রিকেট মাঠের লড়াইয়েও আজ দুবাইয়ে উড়ল তেরঙা জয়ধ্বজা।
পাকিস্তানকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন সূর্যকুমার যাদবরা। ভারত পৌঁছে গেল সুপার ফোরে।

এশিয়া কাপের সাংবাদিক বৈঠকের পর আজ টসের সময়েও পাক অধিনায়ক সলমন আঘার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। এদিন ঘটল আরেকটি উল্লেখযোগ্য ঘটনা। পাকিস্তানের জাতীয় সংগীত বাজানোর সময় ভুল করে ডিজে চালিয়ে দিলেন জলেবি বেবি। যাতে পাক ক্রিকেটাররা ভ্যাবাচ্যাকা খেয়ে যান। উল্লেখ্য, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান বর্তমানে পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভি। ফলে মাথা হেঁট পাকিস্তানের।
পাকিস্তান এদিন টসটাই জিতেছে। কিন্তু বাকি সময় পুরোটাই দাপট দেখাল বিশ্বচ্যাম্পিয়ন মেন ইন ব্লু। শাহিন শাহ আফ্রিদি ঝোড়়ো ইনিংস না খেললে পাকিস্তান একশোও হয়তো পার করতে পারতো না। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে পাকিস্তান তোলে ১২৭।
সাইম আয়ুব প্রথম ওভারের প্রথম বৈধ বলেই আউট হন গোল্ডেন ডাক সঙ্গী করে। সাহিবজাদা ফারহান ৪৪ বলে সর্বাধিক ৪০ রান করেন। নয়ে নামা আফ্রিদি ১৬ বলে ৩৩ করে অপরাজিত থাকেন। মহম্মদ হ্যারিস ৩, ফখর জামান ১৭, অধিনায়ক আঘা সলমন ৩, হাসান নওয়াজ ৫, মহম্মদ নওয়াজ ০, ফাহিম আশরফ ১১, সুফিয়ান মুকিম ১০ রান করেন। আব্রার আহমেদ কোনও রান না করে অপরাজিত থাকেন।
কুলদীপ যাদব ৪ ওভারে ১৮ রান দিয়ে তিন উইকেট নেন। অক্ষর প্যাটেল ৪ ওভারে ১৮ রানের বিনিময়ে ২টি, জসপ্রীত বুমরাহ ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে ২টি উইকেট পেয়েছেন। হার্দিক পাণ্ডিয়া ৩ ওভারে ৩৪ ও বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২৪ রান দিয়ে একটি করে উইকেট পান।
জবাবে খেলতে নেমে ভারত ১৫.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অভিষেক শর্মা চারটি চার ও দুটি ছয়ের সাহায্যে ১৩ বলে ৩১, শুভমান গিল ৭ বলে ১০ ও তিলক বর্মা ৩১ বলে ৩১ রান করেন। সূর্য পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে ৩৭ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন। তিনি এদিন তিনেই নেমেছিলেন। শিবম দুবে ৭ বলে ১০ রানে অপরাজিত থাকেন। সাইম আয়ুব ৪ ওভারে ৩৫ রান দিয়ে তিনটি উইকেট নেন। শাহিন শাহ আফ্রিদি ২ ওভারে ২৩ ও সুফিয়ান মুকিম ২.৫ ওভারে ২৯ রান দেন। আব্রার আহমেদ ৪ ওভারে ১৬ ও মহম্মদ নওয়াজ ৩ ওভারে ২৭ রান খরচ করেন।












Click it and Unblock the Notifications