সৌরভের পরামর্শ বড় মোটিভেশন, সিএবির প্রতি কৃতজ্ঞ আকাশের কাছে কেন লাকি শুভমান?
আজ থেকে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে বোলিং শুরু করে দিলেন আকাশ দীপ। গতকাল কলকাতায় এসে জানিয়েছিলেন, ইংল্যান্ড সফরের পর চোট-আঘাতের সমস্যা সামান্য থাকলেও বেশি দরকার ছিল বিশ্রাম। ফের কবে তাঁকে মাঠে দেখা যাবে তা নির্বাচকদের উপর ছেড়ে দিয়ে আকাশ জানালেন, তিনি মাঠে নামতে প্রস্তুত।

ইংল্যান্ড সফরে দুরন্ত পারফরম্যান্সের জন্য আকাশকে বিশেষ সম্মান জানাল সিএবি। আকাশের হাতে স্মারক তুলে দিয়ে উৎসাহিত করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বিসিসিআই সভাপতি তথা দেশের অন্যতম সফল অধিনায়ক জানালেন, সকলে যখন টিভিতে খেলা দেখার সময় এজবাস্টনে আকাশের ইনিংসে পঞ্চম উইকেটের অপেক্ষমান ছিলেন, তখন সৌরভও চাইছিলেন এই পঞ্চম উইকেট দেখার পরই যেন বিমান ছাড়ে।
আকাশ এই প্রসঙ্গে বলেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো প্রাক্তন অধিনায়ক সব সময়ই আমার বড় মোটিভেশন। ইংল্যান্ড সফর চলাকালীন তিনি আমাকে রোজ মেসেজ করে বলতেন ভালো করতে হবে। কোথায় বল ফেললে তা কার্যকরী হবে। এটা আমাকে উদ্বুদ্ধ করেছিল। মনে হচ্ছিল, তিনি আমার মধ্যে এমন কিছু দেখেছেন বলেই এমন পরামর্শ দিচ্ছেন। যা মোটিভেট করে। সাফল্যের খিদে বাড়িয়ে দেয়।
সিএবির সংবর্ধনা পেয়ে আকাশ মঞ্চেই বলছিলেন, আমাকে জন্ম দিয়েছেন মা। কিন্তু ক্রিকেটার হিসেবে জন্ম দিয়েছে সিএবি। পরে ওয়ানইন্ডিয়ার প্রশ্নের উত্তরে আকাশ সিএবির প্রতি অপরিসীম কৃতজ্ঞতা প্রকাশ করে বললেন, সিএবি ছিল বলে আজ এই ইন্টারভিউ দিতে পারছি। সারা দেশে আমার চেয়েও প্রতিভাবান অনেকে সুযোগ পান না। সেদিক থেকে লাকি। আমি বাংলার হয়ে খেলেছি, যেখানে খেলাকে সম্মান করা হয়, পুজো করা হয়। এটা আমার সৌভাগ্য। আর সেই সিএবি থেকে এই সম্মান পেয়ে খুব গর্বিত। এই ধরনের সম্মানের কথা কঠিন পরিস্থিতিতে মনে করলে তা বড় মোটিভেশনের কাজ করে।
ইংল্যান্ড সফরে নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট, তবে আত্মতুষ্টি নেই। ওভালে ৬৬ রানের ইনিংস খেললেও বল হাতেই বেশি ম্যাচ জেতাতে চান আকাশ। ইংল্যান্ড সফর নিয়ে বললেন, দেশের হয়ে প্রতি ম্যাচ, প্রতি সফর গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত ও দলগতভাবে। আমরা যেভাবে খেলেছি তাতে অনেক কিছু শেখারও ছিল। মানসিক ও শারীরিকভাবেও কীভাবে কতটা উন্নতি করার দরকার তা উপলব্ধি করেছি। ইংল্যান্ডে যেভাবে আমরা খেলেছি তাতে মজা যেমন পেয়েছি, তেমনই অনেক কিছু শিখেওছি। এটা সব সময় কাজে দেয়।
আকাশ উচ্ছ্বসিত প্রশংসা করলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক শুভমান গিলের। গিল তাঁর কাছে কেন লাকি সেই ব্যাখ্যাও দিলেন। গত বছর গিলের নেতৃত্বে দলীপ ট্রফিতে ভারতীয় এ দলের হয়ে আকাশ দীপ দুই ইনিংসে ৯ উইকেট নিয়েছিলেন। এজবাস্টনে ১০টি উইকেট পান। আকাশের কথায়, গিল খুব ভালো অধিনায়ক। আমার কাছে লাকি। আগে তাঁর নেতৃত্বে দলীপে খেলে ৯ উইকেট নিয়েছিলাম। এবারও ভালো বোলিং করেছি। গিল আইপিএলে অনেক দিন ধরে অধিনায়কত্ব করছেন। ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন।












Click it and Unblock the Notifications