দিব্যা ভারতীর জন্য একসময়ে কেরিয়ার শেষ হতে বসেছিল শ্রীদেবীর
নব্বইয়ের দশকের শেষদিকে কেরিয়ারের একেবারে চূড়ায় ছিলেন শ্রীদেবী। তখনই বলিউডে আগমন হয় দিব্যা ভারতীর। এসেই চ্যালেঞ্জে ফেলে দিয়েছিলেন শ্রীদেবীকে।
নব্বইয়ের দশকের শেষদিকে কেরিয়ারের একেবারে চূড়ায় ছিলেন শ্রীদেবী। তখনই বলিউডে আগমন হয় দিব্যা ভারতীর। আর আগমনেই হইচই ফেলে দিয়েছিলেন নাবালিকা দিব্যা। তখনও বয়স আঠেরো পেরোয়নি। তা সত্ত্বেও বলিউডের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবীর সঙ্গে তুলনা শুরু হয়ে গিয়েছিল।

দুজনেই সুন্দরী
দুজনেই অপরূপ সুন্দরী ছিলেন। ঠিক যাকে বলে ইন্ডিয়ান বিউটি। আর তাতেই জমে উঠেছিল প্রতিযোগিতা। দিব্যা এক সাক্ষাৎকারে সরাসরি বলেছিলেন, শ্রীদেবী তাঁর থেকে অনেক এগিয়ে। তা সত্ত্বেও আলোচনা ও তুলনা থামেনি। শ্রীদেবীর পরে সেইসময়ের সবচেয়ে ভালো বাণিজ্যিক ছবির অভিনেত্রী হিসাবে ভাবা হয়েছিল দিব্যাকে।

তুলনা শুরু
কেউ কেউ দিব্যাকে শ্রীদেবীরও উপরে রেখেছিলেন। বলা হয়েছিল, কয়েকবছরের মধ্যেই দিব্যাই হবেন এক নম্বর। দেখতেও অনেক মিল ছিল দিব্যা ও শ্রীদেবীর মধ্যে। অনেকে ভাবতেন দুজনে সম্পর্কে বোন। তাতেই আলোচনা তুঙ্গে উঠেছিল।

আলোচনার কেন্দ্রে দিব্যা
দিব্যার বলিউড কেরিয়ার ছিল মাত্র ২-৩ বছরের। এদিকে শ্রীদেবীর ততদিনে একদশক কাজ করা হয়ে গিয়েছে বলিউডে। তা সত্ত্বেও রূপ, গ্ল্যামার, নাচ, অভিনয় ও ক্যারিশ্মায় অন্যদের ছাপিয়ে যাওয়ার অভাস দিয়েছিলেন দিব্যা। যাতে পরোক্ষে চাপ বেড়ে গিয়েছিল শ্রীদেবীর। তিনি কেরিয়ারের মধ্যগগনে। তাও নবাগতা দিব্যা আলোচনার কেন্দ্রে চলে এসেছিলেন।

দিব্যাকে নিয়ে হইচই
২৫ ফেব্রুয়ারি ১৯৭৪ সালে দিব্যা ভারতীর জন্ম। ১৯৯২ সালের জানুয়ারিতে প্রথম সিনেমা মুক্তি পায় সানি দেওলের বিপরীতে। সিনেমার নাম ছিল বিশ্বাত্মা। সিনেমাটি বড় হিট না হলেও দিব্যা সকলের চোখে পড়ে যান। তারপরে গোবিন্দার বিপরীতে দিব্যার শোলা অউর শবনম বেরোয়। সেটাই দিব্যাকে যাবতীয় সাফল্য এনে দেয়।

দিব্যার মৃত্যু
তবে ১৯৯৩ সালের ৫ এপ্রিল রাত ১১টার সময় ভরসোভায় নিজের ফ্ল্যাটের বারান্দা থেকে পড়ে মারা যান দিব্যা। কেরিয়ারে মাত্র তিন বছরেই তামিল, তেলুগু ও হিন্দি মিলিয়ে ২১টি সিনেমায় অভিনয় করেন দিব্যা। শুধু হিন্দিতেই করেছিলেন ১৩টি ছবি।

দিব্যার জন্মবার্ষিকীকে শ্রীদেবীর প্রয়াণ
রবিবার ছিল দিব্যার জন্মবার্ষিকী। আর সেদিনই শ্রীদেবীর মৃত্যুর খবর সামনে এসেছে। যে তারকার আগমনের খবরে প্রতিযোগিতা বেড়ে গিয়েছিল বলিউডে, সেই অভিনেত্রীর জন্মদিনের দিনই বিদায় নিলেন আর এক সুপারস্টার অভিনেত্রী।












Click it and Unblock the Notifications