ফের বিপাকে কঙ্গনা, আদালতের নির্দেশে অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর
কৃষি বিলের প্রতিবাদে রাস্তায় নামা কৃষকদের টুইটারে 'সন্ত্রাসবাদী' বলে মন্তব্য করেছিলেন কঙ্গনা রানাওয়াত। যার কারণে সমালোচনার মুখে পড়েন তিনি। তাঁর বিরুদ্ধে কর্নাটকের টুমকুর জেলায় বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের হয়েছিল। আজ সেই মামলার শুনানির সময় কঙ্গনার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন বিচারক।

কৃষকদের নিয়ে টুইট কঙ্গনার
সংসদে ধ্বনি ভোটে পাশ হয় কৃষি বিল। সেই বিলের প্রতিবাদেই পথে নামেন কৃষকরা। এরপর তাঁদের উদ্দেশে একটি টুইট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিখেছিলেন, 'নয়া বিল আইনে পরিণত হলেও ন্যূনতম সহায়ক মূল্য চালু থাকবে।' সেই টুইটের রেশ টেনে নিজের মতামত পেশ করেছিলেন কঙ্গনা।

কৃষকদের আক্রমণ করেন কঙ্গনা
প্রধানমন্ত্রীর সেই টুইট শেয়ার করে কৃষকদের আক্রমণ করেন কঙ্গনা। লেখেন, প্রধানমন্ত্রীজি, কেউ ঘুমালে তাঁকে জাগানো যায়। কেউ না বুঝলে তাঁক বোঝানো যায়। কিন্তু যিনি ঘুমানোর অভিনয় করেন, বুঝেও না বোঝার ভান করেন, আপনার বোঝানোয় তাঁর কী যায় আসে? এঁরা সেই সন্ত্রাসবাদী, সিএএ-র আওতায় কারও নাগরিকত্ব না গেলেও, এঁরা রক্ত বন্যা বইয়ে দিয়েছিলেন।

এফআইআর দায়ের করার নির্দেশ
এই টুইট করার পরই সমালোচনার মুখে পড়েন কঙ্গনা। পরে অবশ্য নিজের মন্তব্যের সাফাই দিয়েছিলেন তিনি। কিন্তু, তাতেও খুব একটা লাভ হয়নি। বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। এরপর আজ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিল আদালত।












Click it and Unblock the Notifications